ওয়েব ডেস্ক: ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স, দুরন্ত স্ট্রাইক রেট—সবই রয়েছে তাঁর ঝুলিতে। অথচ জাতীয় দলের প্রথম একাদশে জায়গাটা ঠিক পাকা হচ্ছে না ১৫ বছরের এই বিষ্ময় বালকের। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচেও প্রথম একাদশে সুযোগ হয়নি বৈভবের। এখন প্রশ্ন উঠছে, এমন ফর্মে থাকা সত্ত্বেও কেন বারবার দলের বাইরে থাকতে হচ্ছে এই তরুণ প্রতিভাকে?
বৈভবকে নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এসেছে একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের হয়ে এখনও পর্যন্ত আটটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বৈভব। তার মধ্যে পাঁচটি ম্যাচে দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে, গম্ভীরের অধীনে ১৪টি ম্যাচের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মাত্র তিনবার। অর্থাৎ, সুযোগ পাওয়ার নিরিখে লক্ষ্মণের অধীনেই এগিয়ে এই কিশোর ক্রিকেটার।
চলতি বছরের শুরুতে জিম্বাবোয়ে সফরের টি-২০ সিরিজে গম্ভীরের পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ। সেই সিরিজের তিনটি ম্যাচেই খেলেছিলেন বৈভব। চলতি মাসের এশিয়ান গেমসেও লক্ষ্মণের প্রশিক্ষণে খেলার সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছয় ভারত। এরপর সেমিফাইনাল ও ফাইনালেও খেলেন বৈভব।
যদিও, বৈভবকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, শুধু বর্তমান ফর্মের ভিত্তিতে দীর্ঘদিন ধরে দলকে সাফল্য এনে দেওয়া ক্রিকেটারদের বাদ দেওয়া যায় না। গম্ভীর আরও জানিয়েছেন, বৈভবকে খেলাতে গিয়ে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারদের প্রতি অবিচার করতে চান না তিনি। তবে গম্ভীরের এই যুক্তির পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে।




