ওয়েব ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং ‘ভোট চুরি’র অভিযোগকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে যেতে উদ্যোগী ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার, ১৭ অক্টোবর, লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য প্রবাসী ভারতীয়দের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্টে রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। তাঁর বক্তব্য, এই বিতর্কের আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার এ বারই উপযুক্ত সময়।
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগকে ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য বলে মনে করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় বিক্ষোভের ডাক দিয়েছেন রাঠি। তবে কর্মসূচিতে কত জন যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে মহারাষ্ট্রে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। অভিযোগ, একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁকে আটক করে পুলিশ। প্রায় ১৬ ঘণ্টা হেফাজতে থাকার পর মুক্তি পান রাঠি। তাঁর দাবি, আটকের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল। পরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। পুলিশের বক্তব্য ছিল, বিক্ষোভের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যার আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছিল।
এসআইআর নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলি। তাঁদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।
এই পরিস্থিতিতে লন্ডনে বিক্ষোভের ডাক বিতর্কটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার নতুন পদক্ষেপ। তবে এর রাজনৈতিক প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে কর্মসূচিতে অংশগ্রহণ এবং পরবর্তী প্রতিক্রিয়ার উপর।




