ওয়েব ডেস্কঃ তিন মহাশক্তিধর দেশ। আমেরিকা, রাশিয়া, চীন। দক্ষিণ চীনের শেনজেন শহরে অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথম একসঙ্গে বৈঠকে বসলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট। চীনের শি জিনপিং, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূ্র্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রুদ্ধদ্বার বৈঠকে থাকছে বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল সমীকরণ।
পাশাপাশি ২০২৬ সালের তিন মহাশক্তিধর রাষ্ট্রপ্রধানের বৈঠক মনে করিয়ে দিচ্ছে ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়াল্টায় অনুষ্ঠিত বিগ থ্রি শীর্ষ বৈঠকের কথা। আলোচনার টেবিলে মিলিত হন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েত ইউনিয়ন নেতা জোসেফ স্তালিন ও মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট। বিশেষজ্ঞদের মতে দুই বৈঠকের মূল সম্পর্ক আঞ্চলিক সংঘাতের ভবিষ্যত নির্ধারণের চেষ্টা ও বৈশ্বিক ভূ-রাজনীতি।
আরও পড়ুন
অখিলেশের রোড শো চলাকালীন বিপত্তি, বুলডোজারের ধাক্কায় মৃত্যু বিজেপি নেতার ছেলের
গত ফেব্রুয়ারিতে রাশিয়া-আমেরিকার নিউস্টার্ট পরমাণু চুক্তির মেয়াদ ফুরিয়েছে।বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রভাণ্ডার রাশিয়ার হাতে।মার্কিন প্রেসিডেন্ট চান রাশিয়া ও চীনকে নিয়ে নতুন ও আধুনিক চুক্তি গড়তে।আলোচনার কেন্দ্রে ১০০ দিন পেরিয়ে যাওয়া আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধ। যার জেরে বন্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী।যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে চীনের রপ্তানি বাণিজ্য। ফলে যুদ্ধ থামাতে মরিয়া বেজিং। উল্টো দিকে চড়া তেলের দাম ও আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় লাভবান মস্কো।
বিশেষজ্ঞদের মতে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা ক্ষীণ।ইতিমধ্যেই যুদ্ধ না থামানো এবং রুশ তেল পরিকাঠামোয় হামলা চালানোর জন্য জেলেনেস্কিকেই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডিজেলের আকাশ ছোঁয়া দামের জন্য ইউক্রেনকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বিশ্লেষকদের মতে, তিন দেশের রাষ্ট্রনেতার লক্ষ্য খুবই স্পষ্ট। পুতিন চাইছেন বিশ্বে একঘরে দশা কাটিয়ে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে চীন-রাশিয়া জোটের শক্তি দেখাতে। ইরানের অনমনীয় মনোভাবের মাঝে কূটনৈতিক সাফল্যের খোঁজে ট্রাম্প। আর চীনের লক্ষ্য দ্রুত জ্বালানি সঙ্কট মেটানো। বৈঠক থেকে কী নির্যাস বেরোয় এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।




