নয়াদিল্লি: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংঘাত এবার সংসদের গণ্ডি ছাড়িয়ে জনতার দরবারে! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছয় দফা অভিযোগ তুলে তাঁর অপসারণের প্রস্তাব আনল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। শনিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবনে বসে এই প্রতীকী সংসদের অধিবেশন। সভাপতিত্ব করেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার।

অধিবেশনে জ্ঞানেশের বিরুদ্ধে নির্বাচন চুরির ষড়যন্ত্র, বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ ১৩.২ কোটি ভোটারের নাম বাদ দেওয়া, সংসদের অনুমোদন ছাড়া ভোটার তালিকায় নাম তোলার ফর্ম ৬ পুনর্লিখন এবং ECINET-এর মাধ্যমে ভোটার তালিকার নিয়ন্ত্রণ কুক্ষিগত করার অভিযোগ তোলেন খাড়গে। পাশাপাশি অন্য দুই নির্বাচন কমিশনারকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে দূরে রাখা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করার অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন
ব্যক্তিগত জীবনে নতুন বসন্ত, সাংবাদিক নিধিকে জীবনসঙ্গী করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
খাড়গের বক্তব্য, ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক অধিকার। সেই অধিকারই এখন বিপন্ন। অধিবেশনে ভোটার তালিকা থেকে বাদ পড়া সাধারণ নাগরিক এবং ছাত্রনেত্রী নেহা বোরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অন্যদিকে, এই কর্মসূচিকে প্রহসন বলে কটাক্ষ করেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সংসদের বিশেষ অধিবেশনে ভোটার তালিকা নিয়ে আলোচনার চ্যালেঞ্জ জানিয়েছেন। স্পষ্টতই, জ্ঞানেশ বিতর্কে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে।




