ওয়েব ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ভারত যখন পুরস্কার বিতরণী মঞ্চের দিকে এগোচ্ছিল, তখন এক অন্যরকম দৃশ্য দেখা গেল। সুহেল ভাটদের ‘গার্ড অব অনার’ দিলেন পাকিস্তানের ফুটবলাররা। নেট দুনিয়ায় এই ছবি নিয়েই এখন চলছে আলোচনা।
২০২৫ সালে পহেলগাম হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ যায়। তার পর থেকে দুই দেশের রাজনৈতিক দূরত্ব বেড়েছে। তার প্রভাব পড়েছে খেলার মাঠেও। একাধিকবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছে, ভারতের খেলোয়াড়রা পাকিস্তানিদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের এই সৌজন্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।
Pakistan giving the Indian team a guard of honour after India won the finals of the SAFF Cup Football. https://t.co/SERUVYIP0Q
— Nikhil Naz (@NikhilNaz) November 17, 2026
ফাইনালে জয়সূচক গোলটি করেন বাংলার ছেলে সন্দীপ মান্ডি। পাকিস্তানের বিরুদ্ধে সেই গোল তাঁকে ইতিহাসে জায়গা করে দিল। এটা বাংলার ফুটবলের জন্যও গর্বের বিষয়। জয়ের পর মাঠেই জাতীয় পতাকা নিয়ে উৎসব শুরু করেন সুহেল, সন্দীপরা। সেই উচ্ছ্বাস চলে ড্রেসিংরুম হয়ে হোটেল পর্যন্ত।
আরও পড়ুন:
নিলামের আগেই KKR-এর হাতে ৪১ কোটি! বাকি কোন দলের ভাঁড়ারে কত? দেখুন তালিকা
এবারের টুর্নামেন্ট ভারতের কোচ নৌশাদ মুসার কাছে ছিল বড় চ্যালেঞ্জ। খালিদ জামিলের সিনিয়র দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলিতে হতাশ করেছিল। সেই সময় দ্বিতীয় সারির দল নিয়ে, মাত্র দু’দিনের প্রস্তুতিতে ট্রফি জিতল ভারত। অথচ পাকিস্তান দলে ছিলেন ইউরোপে খেলা পাঁচ জন ফুটবলার। তবু কোনও প্রতিকূলতাই ভারতের পথ আটকাতে পারেনি।




