ওয়েব ডেস্ক: গণতান্ত্রিক তৃণমূল বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে পদত্যাগ । দলের মহিলা শাখার সভাপতি সাবিনা ইয়াসমিন পদ ছাড়লেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সাংগঠনিক পদ ছাড়লেও দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না সাবিনা। সাধারণ কর্মী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সাবিনার পদত্যাগ এমন সময়ে ঘটল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের মধ্যে সংঘাত অব্যাহত। দুই শিবিরের মধ্যে দলের পরিচয় ও সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে টানাপড়েনের পাশাপাশি রাজনৈতিক বিরোধও ক্রমশ তীব্র হচ্ছে।
এর আগে ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সাবিনা ইয়াসমিনের পদত্যাগ ঋতব্রত শিবিরের সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে চর্চা শুরু করতে পারে। যদিও তাঁর পদত্যাগের সঙ্গে দুই শিবিরের রাজনৈতিক সংঘাতের সরাসরি কোনও যোগ রয়েছে, এমন তথ্য সামনে আসেনি।




