ওয়েব ডেস্কঃ দিল্লি থেকে আগ্রা যেতে আর লাগবে না ঘন্টার পর ঘন্টা। মাত্র ৫৯ মিনিটে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। উত্তর ভারতে নতুন বুলেট ট্রেন করিডর তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। রবিবার ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই দ্রুতগতির রেলপথ চালু হলে দিল্লি, আগ্রা, কানপুর, লখনউ থেকে বারাণসীর মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় বদল আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সূচি অনুযায়ী, দিল্লি থেকে আগ্রা পৌঁছতে সময় লাগবে মাত্র ৫৯ মিনিট। দিল্লি থেকে কানপুর যেতে লাগবে ১ ঘণ্টা ৪৫ মিনিট। রাজধানী থেকে লখনউ পৌঁছনো যাবে ২ ঘণ্টা ১২ মিনিটে। আবার লখনউ থেকে বারাণসী যেতে সময় লাগবে ১ ঘণ্টা ২১ মিনিট। সবচেয়ে উল্লেখযোগ্য, দিল্লি থেকে বারাণসীর দূরত্ব পেরোতে লাগবে মাত্র ৩ ঘণ্টা ৩৫ মিনিট।বারাণসী ও নয়াদিল্লির মধ্যে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পরিষেবা চালুর আগে এই প্রকল্পের কথা জানান রেলমন্ত্রী। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদন পাওয়া উত্তর ভারতের এই করিডর বহু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনবে। তরুণ প্রজন্ম, মধ্যবিত্ত যাত্রী এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা বিশেষভাবে উপকৃত হবেন। প্রকল্পের নির্মাণকাজে দেশীয় প্রযুক্তি ও শ্রমশক্তির উপরেই জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষ্ণব।




