ওয়েব ডেস্ক: ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল আম আদমি পার্টির। প্রথম প্রার্থী তালিকা প্রকাশের একদিনের মাথায় বিধায়ক পদ ছাড়লেন দুই আপ নেতা। তাঁরা সানৌরের বিধায়ক হরমিত সিংহ পাঠনমাজরা এবং সামানার বিধায়ক চেতন সিংহ জৌরমাজরা। এই ইস্তফাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৎপরতা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, দলের অন্দরের অসন্তোষই এতে সামনে এল।
আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পঞ্জাবে ভোট হওয়ার কথা, অর্থাৎ হাতে আর সাড়ে তিন মাস। নির্বাচন কমিশনের নির্ঘণ্টের অপেক্ষা না করেই ১১৭টি আসনের মধ্যে ৪০টিতে প্রার্থী ঘোষণা করেছে আপ। বাকি আসনের প্রার্থীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হবে।
শুক্রবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হাইভোল্টেজ বৈঠক হয়। সেখানে ছিলেন ভগবন্ত মান, মণীশ সিসোদিয়া-সহ শীর্ষ নেতারা। ওই বৈঠকেই প্রার্থীদের নাম চূড়ান্ত হয়। তালিকা অনুযায়ী, সঙ্গরুর জেলার ধুরি থেকে এবারও লড়বেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ২০২২ সালে ৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তিনি।
আরও পড়ুন:
নকশালমুক্ত ভারতের সংকল্প পূরণ, এবার ‘দিমাগি নকশাল’-দের বিরুদ্ধে সতর্কবার্তা মোদির
বিদায়ী স্পিকার কুলতার সিং সান্ধওয়ান লড়বেন ফরিদকোট জেলার কোটকপুরা থেকে। মন্ত্রী সঞ্জীব অরোরা লড়বেন লুধিয়ানা-পশ্চিম থেকে, কুলদীপ সিং ধালিওয়াল অমৃতসরের অজনালা থেকে। দুর্নীতি মামলায় সম্প্রতি অরোরাকে গ্রেপ্তার করেছে ইডি। তিনি এখন জেলবন্দি। জামিন না পেলে জেল থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ২০২২ সালে ৯২টি আসন জিতে পঞ্জাবে সরকার গড়েছিল আপ। আগামী ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরের সঙ্গে পঞ্জাবেও ভোট হওয়ার কথা।




