ওয়েব ডেস্ক: লক্ষ্মীপুজোর আগে বাজার আগুন। প্রতিমা থেকে শুরু করে সব্জি, ফল-ফুলের দাম উর্দ্ধমুখী। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে পুজোর সমস্ত আয়োজন করতেই নাজেহাল বাঙালি। সবকিছু দামই আকাশছোঁয়া। কোথাও সেঞ্চুরি হাঁকিয়েছে সব্জি, কোথাও ২০০-পার করেছে প্রতিমার দাম থেকে সরা। পুজোর আগে পকেটে টান পড়েছে ক্রেতাদের। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ তাঁরা।
শহরের বড় বড় বাজারে গেলে ৫০০-৭০০ টাকায় ব্যাগের নিচে পড়ে থাকছে বাজার। আলু, বেগুন, পটল সহ সব রকমের সব্জি থেকে ফলের দামও আকাশ ছোঁয়া। ভোগের আয়োজন করতে মাথায় হাত আম বাঙালির। পাশাপাশি ফুলের দামও বেশ চড়া। মাসের শেষে পুজো পড়ায় আরও সমস্যায় পড়েছেন অনেকেই। নৈবেদ্য সাজাতেই অর্ধেক টাকা বেরিয়ে যাচ্ছে পকেট থেকে।
বাজারে আপেলের দাম দেখা গিয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। শসা, শাকালু, পেয়ারা, বাতাবি ও মুসাম্বি লেবুর দামের লাগছে ছ্যাঁকা। পুজোর প্রধান সামগ্রী কাঁঠালি কলা। এরও দাম বাড়ছে হু হু করে। প্রতিমার দামেও আগুন। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোর আগে কপালে হাত ক্রেতাদের।




