HomeBig Breakingপ্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা কি অপরাধ? সোনিয়ার মন্তব্যে প্রণবকন্যার পাল্টা প্রশ্ন

প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা কি অপরাধ? সোনিয়ার মন্তব্যে প্রণবকন্যার পাল্টা প্রশ্ন

কণাদ দাশগুপ্ত

প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সোনিয়া গান্ধীর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হল। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ? তাঁর বাবার রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও দীর্ঘদিনের পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়ে সোনিয়ার বিস্ময় প্রকাশের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ ২০১০ সালের একটি ঘটনার কথা লিখেছেন সোনিয়া। তাঁর বর্ণনা অনুযায়ী, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণবের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। একদিন সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রণব তাঁকে ইঙ্গিত দিয়েছিলেন, শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। সোনিয়ার ধারণা হয়েছিল, এর মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছার কথাই জানাতে চাইছেন প্রণব। এমন ইঙ্গিতে তিনি বিস্মিত হয়েছিলেন বলেও আত্মজীবনীতে লিখেছেন কংগ্রেস নেত্রী। যদিও বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান তিনি।

সোনিয়ার এই বক্তব্যের পর সমাজমাধ্যমে সরব হন শর্মিষ্ঠা। তাঁর প্রশ্ন, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা থাকা একজন নেতার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছায় বিস্ময়ের কী আছে? বাবাকে একবার সরাসরি এই আকাঙ্ক্ষার কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি। প্রণবের উত্তর ছিল, যোগ্য কোনও রাজনীতিকেরই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন থাকা স্বাভাবিক।

শর্মিষ্ঠার আরও বক্তব্য, কোনও পারিবারিক পরিচয়ের জোরে নয়, নিজের যোগ্যতা ও পরিশ্রমেই প্রণব মুখোপাধ্যায় জীবনে প্রতিষ্ঠা পেয়েছিলেন। গান্ধী-নেহরু পরিবারের বাইরের কেউ প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন, সোনিয়ার বিস্ময়ের কারণ কি সেটাই? প্রশ্ন তুলেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments