কলকাতা: আগামী ১৫ নভেম্বর হাওড়ার রামকৃষ্ণপুর ও শিবপুরের গঙ্গার ঘাটে ছটপুজো করবেন তিনি। নৌকায় গঙ্গাবক্ষে যাত্রা করে দুই ঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী নৌকায় চেপে হাওড়ার গঙ্গার ঘাটে এসে ছটপুজোয় অংশ নেবেন বলে জানিয়েছে প্রশাসন।
মুখ্যমন্ত্রীর সফরের আগে ঘাটগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বালির বিধায়ক সঞ্জয় সিং। উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরাও।
ছটপুজোয় বিপুল সংখ্যক মহিলা পুণ্যার্থীর সমাগম হয়। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে ঘাটগুলিতে মহিলাদের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। পুরুষদের জন্যও থাকছে পৃথক ব্যবস্থা। পাশাপাশি গঙ্গার জোয়ার-ভাটার পরিস্থিতি, জলস্তর বৃদ্ধি এবং ব্যারিকেডের নিরাপত্তাও পর্যালোচনা করা হয়েছে।
আরও পড়ুন:
পুণ্যার্থীদের নিরাপত্তায় মোতায়েন থাকবে এনডিআরএফ। ঘাটে রাখা হবে স্পিডবোট, লাইফবোট ও লাইফ জ্যাকেট। প্রাথমিক চিকিৎসার জন্য থাকবেন আশাকর্মীরাও।
পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর সফর এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই প্রশাসন আগাম প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশের মানুষের কাছেও বিশেষ বার্তা পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার।




