ওয়েব ডেস্ক: প্রথম সিজন থেকেই দর্শকের মন ছুঁয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েবসিরিজটি। একঝাঁক সহজ-সরল গ্রামের মানুষের জীবনযাপন, তাঁদের রাজনৈতিক মতাদর্শ, প্রেম আর চাওয়া-পাওয়ার নানা হিসেব দেখার জন্য প্রতিবারই মুখিয়ে থাকেন দর্শক। এখন সবার একটাই প্রশ্ন, দেশজুড়ে জনপ্রিয় এই সিরিজের পঞ্চম সিজন কবে মুক্তি পাবে? সেই নিয়ে এবার এক বড় আপডেট সামনে এল।
২০২৬ সালেই ‘পঞ্চায়েত-৫’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা জানিয়েছেন, আপাতত এই মুহূর্তে প্রতীক্ষিত এই সিরিজটি মুক্তি পাচ্ছে না। ফলে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শককে। তবে নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে সকলের মনে।
উল্লেখ্য, ‘পঞ্চায়েত’ সিরিজের চতুর্থ সিজনটি শেষ হয়েছিল পালাবদল দিয়ে। এতদিন ফুলেরা গ্রামের প্রধানের দায়িত্ব সামলেছেন প্রধানজি (রঘুবীর যাদব) এবং মঞ্জুদেবী (নীনা গুপ্ত)। এবার ক্রান্তিদেবী নতুন প্রধান হয়েছেন। তাতে গ্রামের রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে।
আরও পড়ুন:
তবে এই সিরিজের অন্যতম চমক অভিষেক ত্রিপাঠী (জিতেন্দ্র কুমার), যিনি সচিবজি নামে পরিচিত। চতুর্থ সিজনে তাঁর জীবনেও একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ৯৭ শতাংশ নম্বর পেয়ে তিনি ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন। শুধু তা-ই নয়, সচিবজি ও রিঙ্কি শেষ পর্যন্ত একে অন্যের প্রতি নিজেদের অনুভূতি প্রকাশ করেন। রিঙ্কির অনুরোধে এমবিএ করতে যাওয়ার আগে আরও কয়েক মাস ফুলেরায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক। এবার দেখার, পঞ্চম সিজনে তাঁদের গল্প কোন দিকে মোড় নেয়।




