HomeTop Newsশুভেন্দুর কড়া বার্তার পর সুর নরম হুমায়ুনের, বাবরি নাম বদল নিয়ে নতুন...

শুভেন্দুর কড়া বার্তার পর সুর নরম হুমায়ুনের, বাবরি নাম বদল নিয়ে নতুন জল্পনা

বাবরি মসজিদের নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বিধায়ক হুমায়ুন কবীর

ওয়েব ডেস্ক : বাবরি মসজিদের নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরম করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী যদি লিখিত ভাবে নাম পরিবর্তনের প্রস্তাব দেন, তা হলে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানালেন তিনি। ফলে মুর্শিদাবাদের প্রস্তাবিত মসজিদকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

হুমায়ুনের দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে একাধিকবার বাবরি নাম পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন। গত ১৮ মে বিধানসভায় নিজের চেম্বারে এবং ৫ আগস্ট নবান্নে বৈঠকের সময়ও এই প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু। এমনকী কাজী নজরুল ইসলাম, সিরাজদৌল্লা কিংবা এপিজে আবদুল কালামের নামে মসজিদটির নামকরণের প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনও পর্যন্ত তাঁর ট্রাস্ট কোনও লিখিত চিঠি পায়নি বলে দাবি হুমায়ুনের।

বিধায়কের বক্তব্য, নাম পরিবর্তনের সিদ্ধান্ত তিনি একা নিতে পারবেন না। আগামী ৬ ডিসেম্বর তাঁর তৈরি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ট্রাস্ট বৈঠকে বসবে। তার আগে মুখ্যমন্ত্রীর চিঠি এলে বিষয়টি আলোচনায় উঠতে পারে। ট্রাস্টের সদস্যরা সম্মত হলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যেই শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, বাবরের নামে মসজিদ তৈরির অনুমতি বা নকশার ছাড়পত্র দেওয়া হবে না। অন্য কোনও নামে মসজিদ হলে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত বছর ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন। ফলে ৬ ডিসেম্বরের ট্রাস্ট বৈঠক এবং নামকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments