কলকাতা: কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে বিজেপি। ৪০ বছরের কমবয়সি যুবক-যুবতীদের একটা বড় অংশকে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। দলের যুব ও মহিলা মোর্চার মণ্ডল কমিটিগুলি থেকে ইতিমধ্যেই একাধিক নাম সুপারিশ করে জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। বিজেপির লক্ষ্য, পুরভোটে নতুন প্রজন্মকে সামনে রেখে শহর গড়ার বিকল্প পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরা।
দলীয় সূত্রে খবর, প্রার্থী নির্বাচনে বয়সের পাশাপাশি জয়ের সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি, সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে দলের নির্ধারিত SOP মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা ও হাওড়ায় প্রার্থী হওয়ার জন্য ড্রপ বক্সে জমা পড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আবেদন। হাওড়ায় আবেদনপত্রের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের। কলকাতাতেও বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলিতেও প্রার্থী হওয়ার আগ্রহ চোখে পড়ার মতো। বিজেপির দাবি, প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ২৫টি করে আবেদন এসেছে।
আরও পড়ুন
এক বছরের আয়ু কেন্দ্রের, পাঁচ মিনিটেই মোদির দেশদ্রোহিতার প্রমাণ দেবেন রাহুল
শুধু প্রার্থী বাছাই নয়, শহরের ভবিষ্যৎ পরিকল্পনাতেও যুবসমাজকে যুক্ত করতে চাইছে বিজেপি। স্টার্ট আপ, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলো, সংস্কৃতি, উন্নত গণপরিবহণ এবং ডিজিটাল নাগরিক পরিষেবার মতো বিষয় নিয়ে ওয়ার্ডভিত্তিক সংলাপের পরিকল্পনা রয়েছে।
দলের বক্তব্য, কলকাতা ও হাওড়ার পুরভোট নিছক ক্ষমতা দখলের লড়াই নয়। নাগরিক পরিষেবার উন্নতি এবং শহরের ভবিষ্যৎ নির্মাণের লড়াই। তাই অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যম ও ভাবনাকেও প্রার্থী তালিকায় জায়গা দিতে চাইছে বিজেপি।




