কলকাতা: পুজোর ভিড় সামলাতে কলকাতা মেট্রোর বাড়তি সতর্কতা, চোরবাগান কাণ্ডের পর একাধিক ব্যস্ত স্টেশনে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হল। পুজোর মরশুমে সারারাত মেট্রো, লোকাল ট্রেন ও বাস চালানোর ঘোষণায় দর্শনার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সঙ্গে পূর্ব-পশ্চিম মেট্রোর সংযোগ এবং রাতেও ট্রেন চলাচলের সুবিধায় শহরতলি থেকে বিপুল সংখ্যক মানুষ কলকাতার পুজো দেখতে এসেছিলেন। কিন্তু শনিবার রাতে চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর রবিবার উত্তর কলকাতার একাধিক পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় তুলনায় কম দেখা যায়।
তবে ভিড় কম থাকলেও কোনও রকম ঝুঁকি নিতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ। সম্ভাব্য ভিড়ের চাপ সামলাতে এসপ্ল্যানেড, কালীঘাট, শিয়ালদহ, শোভাবাজার, গিরিশ পার্ক ও দমদমের মতো ব্যস্ত স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়। যাত্রীদের চলাচল নিয়ন্ত্রিত রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তাকর্মী। এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীদের মুখোমুখি ধাক্কাধাক্কি এড়াতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়।
প্ল্যাটফর্মে ওঠানামা এবং চলাচলের সময় যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য চলমান সিঁড়িগুলির ব্যবহারও পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয়। যাত্রীদের নির্দিষ্ট পথে চলাচল নিশ্চিত করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), বেসরকারি নিরাপত্তাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়।
রবিবার উত্তর কলকাতার কয়েকটি স্টেশনে ভিড় কম থাকলেও শিয়ালদহ ও হাওড়ায় ট্রেনের ব্যবধান বেশি হওয়ায় কোথাও কোথাও সাময়িক জমায়েত হয়। পুজোর ভিড়ের চরিত্র দ্রুত বদলে যেতে পারে। তাই পরিস্থিতির উপর নজর রেখে নিরাপত্তা ও যাত্রী নিয়ন্ত্রণে সতর্ক থাকছে মেট্রো ও রেল কর্তৃপক্ষ।




