কলকাতা: যাদবপুর সুপার মার্কেটের সামনে ইন্ডিয়ান কফি হাউসের নিচে প্রায় ৪৯ বছর ধরে চলে আসা সিপিএমের বইয়ের স্টল উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠল। এই ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সিপিএমের এরিয়া কমিটি। পুজোর অবকাশকালীন বেঞ্চে বিচারপতি পার্থ প্রতীম রায়ের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলাকারী রাজদীপ সরকারের দাবি, দুর্গাপুজো উপলক্ষে ১৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্থায়ী বইয়ের স্টল চালানোর পরিকল্পনা করা হয়েছিল। প্রায় ২০ ফুট বাই ১৬ ফুটের ওই স্টলে মার্কসবাদী, প্রগতিশীল এবং শিশুদের বই বিক্রির কথা ছিল। এ জন্য ১৯ সেপ্টেম্বর কলকাতা পুরসভার সংশ্লিষ্ট দফতরে অনুমতি চেয়ে আবেদন করা হয়। পরদিন যাদবপুর থানাকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়।
আবেদনে আরও দাবি করা হয়েছে, পুরকর বাবদ নির্ধারিত ৩২০০ টাকা জমা দেওয়া হয়েছিল। ৮ অক্টোবর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও পুলিশ কমিশনারকেও ই-মেল করে বিষয়টি জানানো হয়।
কিন্তু অভিযোগ, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেও ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এক ব্যক্তি নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে ঘটনাস্থলে হাজির হন। তিনি বইয়ের স্টল সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ মামলাকারীর। এই পরিস্থিতিতে স্টল রক্ষার আবেদন জানিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছে সিপিএমের এরিয়া কমিটি। মামলার শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।




