HomeBig Breakingঅনুমতিই নেওয়া হয়নি, পুলিশের বাধায় শুরুতেই শেষ মমতা-তৃণমূলের মিছিল

অনুমতিই নেওয়া হয়নি, পুলিশের বাধায় শুরুতেই শেষ মমতা-তৃণমূলের মিছিল

রাজাবাজার মোড় পার করল না কর্মসূচি

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল মমতা-তৃণমূল। কিন্তু পুলিশের বাধায় রাজাবাজার মোড় পেরোতে পারল না সেই কর্মসূচি। মঙ্গলবার দুপুরে কয়েকশো কর্মী-সমর্থককে নিয়ে মিছিল শুরু করার চেষ্টা হতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। মোড় ঘোরার আগেই কার্যত শেষ হয়ে যায় মিছিল। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশকর্মীর পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।

তৃণমূলের ছাত্র, যুব, মহিলা ও আইটি শাখার উদ্যোগে আয়োজিত এই মিছিলে যোগ দিতে রাজাবাজারে হাজির হন দলের বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন, বিধায়ক আলিফা আহমেদ এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর-সহ অন্য নেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় জমায়েত বাড়তে থাকে। আগে থেকেই রাস্তা জুড়ে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। দুপুর ২টো নাগাদ মিছিল কয়েক পা এগোতেই আটকে দেওয়া হয়।

মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে প্রশাসন সূত্রে জানানো হয়। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, মিছিল শুরু হলে তা শুরুর জায়গাতেই থামিয়ে দেওয়া হবে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দও জানান, মিছিলের বিষয়ে তাঁর কাছে কোনও আনুষ্ঠানিক তথ্য নেই। তবে পুলিশের এই পদক্ষেপকে ব্যর্থতা বলে মানতে নারাজ কুণাল ঘোষ। তাঁর দাবি, মাত্র কয়েকশো কর্মীকে আটকাতে প্রশাসনের বিপুল আয়োজনই তাঁদের নৈতিক জয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments