জরুরি পরিস্থিতিতে পুলিশের গতি ও দক্ষতা বাড়াতে আরও কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ প্রশাসনের। ১১২ ডায়ালে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম’ (ইআরএসএস)-এর গাড়ি ও বাইকের ব্যবহারে নির্দিষ্ট বিধি চালু করেছে লালবাজার। জরুরি পরিষেবার গাড়ি ব্যক্তিগত কাজে বা থানার রুটিন ডিউটিতে ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
কলকাতা পুলিশের বহরে রয়েছে ৪৫০টি কুইক রেসপন্স গাড়ি ও বাইক। প্রতিটি থানাকে একটি করে গাড়ি ও ই-বাইক দেওয়া হয়েছে। কোন এলাকায় সেগুলি মোতায়েন থাকবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট ডিভিশনের ডিসি ও থানার ওসিরা। কন্ট্রোল রুম থেকে গাড়ির অবস্থানের উপর নজরদারি চলবে। ফোন পাওয়ার পর নির্ধারিত সময়ে সাড়া না মিললে বিষয়টি খতিয়ে দেখা হবে। দশ মিনিটের বেশি দেরি হলে সংশ্লিষ্ট ডিভিশনাল ডিসিকে তদন্ত করে রিপোর্ট দিতে হবে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য পৌঁছে দেওয়া এবং পরিষেবায় গাফিলতি রোধ করাই এই উদ্যোগের লক্ষ্য। নিয়মিত নজরদারি ও জবাবদিহির মাধ্যমে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে লালবাজারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।




