পুজো শেষ। উমা চলে গিয়েছে শ্বশুরবাড়ি। এরই মধ্যে শীতের অপেক্ষায় বঙ্গবাসী। অক্টোবরের শেষ সপ্তাহে কলকাতার শীতের অপেক্ষা। বর্তমান সময়ে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজের অনুভূতি হলেও দিনের বেলায় অস্বস্তি গরম কোনভাবেই কাটছে না। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।
ভোরের দিকে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকবে। অক্টোবরের শেষের দিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে কলকাতায়। শীতের অনুভূতি পেতে এখনও অপেক্ষা করতে হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। তবে ২৭শে অক্টোবর থেকে নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। বৃষ্টির কোন পূর্বাভাস নেই। শুক্রবারও মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে রাজ্যে।




