ওয়েব ডেস্ক : পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ৭৮দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরজন্য খরচ হবে প্রায় ২০০৯.৬১ কোটি টাকা। আজ বুধবার চতুর্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বোনাসের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। দুর্গাপুজো এবং দশেরার আগে সকল সরকারি কর্মচারীরা অপেক্ষায় থাকেন বোনাসের জন্য। অবশেষে সুখবর শোনালো কেন্দ্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ্য রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়া হবে। প্রায় ১১লক্ষ ৪০হাজার ৭৭০জন কেন্দ্রীয় কর্মীর কাছে পৌঁছে যাবে বোনাস। বলা হয়েছে, সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত পেতে পারেন। এদের মধ্যে যাঁরা বোনাস পাবেন, তাঁরা হলেন, ট্রাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান সহায়ক, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ, গ্রুপ ‘সি’ স্টাফ।
মন্ত্রিসভা সূত্রে খবর, রেলকর্মীদের কর্মদক্ষতার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কর্মীদের কাজ উৎসাহিত করার জন্য বোনাস দেওয়া হতো। ২০২৫-২৬ সালের রেল পরিষেবা অত্যন্ত ভালো হয়েছে।




