HomeBig Breakingবড় পুজোয় বন্ধ ভিআইপি এনক্লোজার, চোরবাগান কাণ্ডের পরেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বড় পুজোয় বন্ধ ভিআইপি এনক্লোজার, চোরবাগান কাণ্ডের পরেই বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুজোর বাকি দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ শুভেন্দু অধিকারীর

ওয়েব ডেস্ক: চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর বড় দুর্গাপুজোগুলিতে ভিআইপি এনক্লোজার না রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুজোর বাকি দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার ভবানী ভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। চোরবাগানে কী ভাবে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হল এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আহত ২৫ জনের মধ্যে দু’জনকে আইসিইউতে রাখা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২০ ও ২১ অক্টোবর মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ওই দিনই ক্ষতিপূরণের অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

পুজোর বাকি দিনগুলিতে যাতে সাধারণ মানুষ ঠাকুর দেখতে গিয়ে কোনও সমস্যায় না পড়েন, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বড় মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদে প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনার বার্তাও দিয়েছেন শুভেন্দু। উৎসবের আনন্দ যাতে আর কোনও পরিবারের কাছে শোকের কারণ হয়ে না ওঠে, তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments