ওয়েব ডেস্কঃ খসড়া ভোটার তালিকায় নাম নেই অথচ কেউ জীবিত, ভোটার হিসেবে আগে নাম ছিল, ঠিকানা বদলায়নি, তাহলে নতুন করে আর ভোটার হওয়ার আবেদন করতে হবে না। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাঁদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত কিংবা একাধিকবার নথিভুক্ত বলে বাদ পড়েছে তাঁদের নাম ফেরানোর জন্য একাধিক পদক্ষেপের কথা সুপ্রিম কোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
সূত্রের খবর, ১৪ নভেম্বর শীর্ষ আদালতে একটি অতিরিক্ত হলফনামা জমা দিয়ে কমিশন জিনিয়েছে, যোগ্য কোনও ভোটারের নাম যাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ না যায় সেদিকে তাঁরা সতর্ক দৃষ্টি রেখেছে। গত ৬ নভেম্বর সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা নির্দিষ্ট নথি সহ গণনা ফর্ম জমা দিয়ে নিজেদের নাম ফেরানোর আবেদন করতে পারবেন। যাঁরা আগের ঠিকানাতেই রয়েছেন, তাঁদের ফর্মের সঙ্গে কেন তা আগে জমা দেওয়া হয়নি তার কারণ জানিয়ে একটি বিবৃতিও দিতে হবে।
একই রাজ্যের মধ্যে যাঁরা ঠিকানা বদলেছেন তাঁদের ক্ষেত্রে নতুন করে আট নম্বর ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। নতুন ঠিকানা, বিধানসভা কেন্দ্রের নাম ও ঠিকানার প্রমাণ সহ নির্দিষ্ট ফর্ম জমা দিলেই চলবে। কমিশন আরও জানিয়েছে, বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে। পাশাপাশি কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের কাজকর্মের উপর নজরদারির দায়িত্বও নতুন করে বন্টন করা হয়েছে।




