ওয়েব ডেস্ক: পেটের টানে বহু শ্রমিক পারি দিয়েছিলেন ভিন রাজ্যে। রাজ্যে পালাবদলের পরে এবার তাঁদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। যেসকল শ্রমিক পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়েছেন, তাঁদের বাড়ি ফেরার আবেদন জানিয়েছে নবান্ন। প্রায় ২৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে মেসেজ করে রাজ্যে ফেরার আহ্বান জানানো হয়েছে। রাজ্যে ফিরে ১২৫ দিনের কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। এখানেই শেষ নয়, চিহ্নিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে জবকার্ড পৌঁছে দিতেও বিশেষ অভিযান শুরু করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।
সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের শ্রমদপ্তরের কাছে ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের তথ্য চলে এসেছে। সেই তথ্যের ওপরে ভিত্তি করে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদেরও ‘ভিবি জি রাম-জি’ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবান্নের পক্ষ থএকে সেমেজ করে শ্রমিকদের বলা হয়েছে, ১ জুলাই থেকে রাজ্যে শুরু হওয়া ভিবি জি রাম-জি প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ আছে। বছরে ১২৫ দিন কাজের সুযোগ রয়েছে। প্রতিদিন অদক্ষ শ্রমিকদের ৩০০ টাকা, কমদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হচ্ছে।
গ্রামে ফিরে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের মাধ্যমে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে তাঁদের। কারও কার্ড না থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করতে বলা হয়েছে। একবার মেসেজ করে ফের ১৫দিন পর ফের মেসেজ করা হবে। গ্যারান্টি কার্ডও দ্রুত পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের পরিবারকে প্রকল্পের আওতায় আনলে তাঁদের পুনরায় গ্রামোন্নয়নের কাজে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে তাঁদের জীবিকার নিরাপত্তা বাড়বে এবং বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়ার প্রবণতাও কমানো যাবে। জেলাগুলিকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে।




