ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী হিসাবে উঠে এল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এইচপিএল) নাম। সব কিছু ঠিকঠাক এগোলে, উৎসবের মরশুমেই লাল-হলুদের নতুন বিনিয়োগকারী নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। দুই পক্ষের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে খবর। তবে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিষয়টি চূড়ান্ত বলে ধরে নেওয়ার অবকাশ নেই।
গত ২৫ অগস্ট ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ও পরিচালন সহযোগী হিসাবে নিজেদের ভূমিকা শেষ করার কথা জানিয়েছিল ইমামি গোষ্ঠী। সংস্থার শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ক্লাব কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। যদিও বিনিয়োগকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ালেও স্পনসর হিসাবে ইস্টবেঙ্গলের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইমামি। ফলে নতুন বিনিয়োগকারী খোঁজার পাশাপাশি ক্লাবের আর্থিক কাঠামো স্থিতিশীল করাও কর্তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
সেই পরিস্থিতিতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সঙ্গে সম্ভাব্য গাঁটছড়া লাল-হলুদের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন দ্য চ্যাটার্জি গ্রুপ এই সংস্থার প্রধান উদ্যোক্তা। পাশাপাশি, হলদিয়া পেট্রোকেমিক্যালসে পশ্চিমবঙ্গ সরকারেরও অংশীদারি রয়েছে। ফলে রাজ্যের অন্যতম পরিচিত শিল্প সংস্থার সঙ্গে চুক্তি হলে ক্লাবের আর্থিক ভিত মজবুত করার সুযোগ তৈরি হতে পারে।
বর্তমানে ইস্টবেঙ্গলের সামনে শুধু চলতি মরশুমের খরচ সামলানো নয়, দীর্ঘমেয়াদি দল গঠন এবং প্রতিযোগিতামূলক ফুটবলে ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জও রয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলা দলের ক্ষেত্রেও স্থায়ী আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ।
তবে সম্ভাব্য চুক্তির অঙ্ক, বিনিয়োগের মেয়াদ, ক্লাব পরিচালনায় নতুন সংস্থার ভূমিকা এবং দল গঠনে অর্থ বরাদ্দের মতো বিষয় এখনও স্পষ্ট নয়। তাই চূড়ান্ত ঘোষণা এবং চুক্তির শর্ত প্রকাশের দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকেরা।




