ওয়েব ডেস্ক: রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে পরিছন্নতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। এবার সেই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। কোনভাবেই হাসপাতালকে অপরিষ্কার রাখা যাবে না। সতর্ক করা হয়েছে।
পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ওঠার পরেই রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য দপ্তর। সেই বৈঠকেই হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়।
পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতার অভিযোগ সামনে আসে। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করেন স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে একাধিক বিষয় উঠে আসে। দেখা যায় হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অনুপস্থিত। এমনকি, অনুমতি ছাড়াই পাঁচ জন নন-মেডিক্যাল সুপার ছুটিতে রয়েছেন। অথচ, ওই হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ডবয় রয়েছেন। মজুত রয়েছে সাফাইয়ের পর্যাপ্ত সরঞ্জামও। তার পরেই সংশ্লিষ্ট আধিকারিকদের শো কজ করা হয়েছে।
শুক্রবারের জরুরি বৈঠকে অন্যান্য মেডিক্যাল কলেজের পরিচ্ছন্নতা নিয়েও কড়া বার্তা দেওয়া হয়। হাসপাতালগুলিকে পরিচ্ছন্ন রাখতে বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হাসপাতালের শৌচাগার, বিভিন্ন ওয়ার্ড এবং করিডর দিনে অন্তত তিন বার পরিষ্কার করতে হবে।
হাসপাতাল ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের আচমকা পরিদর্শন বা ‘সারপ্রাইজ ভিজিট’ করতে হবে।




