কলকাতা: প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনে তাঁর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ঘিরে কলকাতার রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। বিবাদী বাগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও দেখা যায়নি প্রিয়রঞ্জনের স্ত্রী, কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি এবং তাঁদের পুত্র মিছিলকে। তাঁদের অনুপস্থিতিই অনুষ্ঠানের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর দাবি, কেরলের দায়িত্বে থাকায় বর্তমানে অত্যন্ত ব্যস্ত দীপা। তাঁকে অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল। কিন্তু দিল্লি ও কেরলে সাংগঠনিক কাজের ব্যস্ততার কারণে তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব হয়নি। যদিও এই ব্যাখ্যার পরেও রাজনৈতিক মহলে নানা জল্পনা থামেনি।
কারণ, অনুষ্ঠানটির আয়োজনে উত্তর কলকাতার প্রাক্তন কংগ্রেস নেতা সন্তোষ পাঠকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষের ঘনিষ্ঠদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাননি দীপা—এমন জল্পনাও তৈরি হয়েছে। তবে এ বিষয়ে দীপার তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।
আরও পড়ুন:
পুরভোটের আগে জেন জি-কে কাছে টানতে রাজ্যে যুব কংগ্রেসের পঞ্চায়েত টাস্ক ফোর্স
উল্লেখযোগ্য, প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনের মঞ্চে কংগ্রেস, তৃণমূল এবং বাম নেতৃত্বের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাজনৈতিক মতপার্থক্য ভুলে এক মঞ্চে উপস্থিতির মধ্যেও দীপার অনুপস্থিতি তাই আলাদা মাত্রা পেয়েছে।
সূত্রের খবর, আগামী ডিসেম্বরে প্রদেশ কংগ্রেস দপ্তরে প্রিয়রঞ্জনকে নিয়ে পৃথক স্মরণানুষ্ঠানের আয়োজন করতে পারেন দীপা। ফলে স্বামীর স্মৃতির সঙ্গে যুক্ত কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি ঘিরে তৈরি হওয়া প্রশ্নের উত্তর মিলতে পারে সেই অনুষ্ঠানেই।




