ওয়েব ডেস্ক : কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলিতে ভোটের প্রস্তুতি ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সেই আবহে তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন কর্মসূচি হাতে নিচ্ছে যুব কংগ্রেস। বিশেষ করে জেন জি-র ভোটারদের কাছে পৌঁছনো এবং তাঁদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ‘পঞ্চায়েত টাস্ক ফোর্স’ কর্মসূচির মাধ্যমে সংগঠনকে নিচুতলায় আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যুব কংগ্রেসের এই উদ্যোগে ১৮ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের মধ্যে যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তাঁরাও আবেদন জানানোর সুযোগ পাবেন। এ জন্য একটি কিউআর কোড চালু করা হয়েছে। সেটি স্ক্যান করে অনলাইনেই ব্যক্তিগত তথ্য জমা দেওয়া যাবে।
কর্মসূচির ঘোষণা করতে বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহম্মদ শাহিদ এবং রাজ্য যুব কংগ্রেস সভাপতি সৌরভ প্রসাদ। আগামী ছয় মাস ধরে এই অভিযান চলবে।
নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, ফের কি বদলাবে বাংলার আবহাওয়া?
আবেদনকারীদের নাম খতিয়ে দেখবে বিশেষ টাস্ক ফোর্স। জেলা, রাজ্য এবং দিল্লির নেতৃত্বের আলোচনার পর প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই কাজে জেলাভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
কংগ্রেস নেতৃত্বের লক্ষ্য, পুরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় নির্বাচনে যুব সমাজের প্রতিনিধিত্ব ২০ থেকে ২৫ শতাংশে নিয়ে যাওয়া। শুধু প্রার্থী নির্বাচন নয়, নাম নথিভুক্ত করা যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও যুক্ত করা হবে।
রাজনৈতিক মহলের মতে, কলকাতা ও হাওড়া পুরভোটের আগে তরুণ ভোটারদের কাছে পৌঁছনোর পাশাপাশি সংগঠনের নতুন মুখ খুঁজে নেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।




