HomeScrollমোদিকে প্রশ্ন করার জের, নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল ঘিরে বিতর্ক

মোদিকে প্রশ্ন করার জের, নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল ঘিরে বিতর্ক

ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি কেন্দ্র সরকার

ওয়েব ডেস্ক: নরওয়ের সাংবাদিক হেলে লিয়াংয়ের ভারতীয় ভিসা বাতিল ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে প্রশ্ন করার কয়েক মাসের মধ্যেই তাঁর ভিসা বাতিল হওয়ায় বিষয়টি নতুন করে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও ভিসা বাতিলের নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার।

নরওয়ের সংবাদপত্র ‘ড্যাগসাভিসেন’-এর সাংবাদিক হেলে লিয়াংয়ের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার কথা ছিল। ১২ থেকে ১৪ নভেম্বরের এই সম্মেলনে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর কাছে বৈধ ভিসা এবং বিদেশ মন্ত্রকের রাজনৈতিক ছাড়পত্রও ছিল বলে দাবি।

কিন্তু ওসলো থেকে ভারতে আসার বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ফোন করে জানানো হয়, তাঁর ভিসা বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে তাঁকে জানানো হয়েছিল বলে অভিযোগ সাংবাদিকের। এমনকী দূতাবাসে গিয়ে ভিসার নথি ফেরত দেওয়ার কথাও বলা হয়।

গত মে মাসে নরওয়ের ওসলোতে প্রধানমন্ত্রী মোদির সাংবাদিক বৈঠকে প্রশ্ন করেছিলেন হেলে। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে প্রধানমন্ত্রী কেন অনিচ্ছুক, তা জানতে চেয়েছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই ভারতীয় রাজনীতি নিয়ে তাঁর একাধিক সমালোচনামূলক মন্তব্য সামনে এসেছে।

আরও পড়ুন:

আদানি কিংবা ভাগবত, বিচারক মানতেও প্রস্তুত রাহুল, চ্যালেঞ্জ মোদিকে

ভিসা বাতিলের পিছনে ওই প্রশ্নের কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হেলে নিজেই। তাঁর আরও অভিযোগ, প্রধানমন্ত্রী মোদি, শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানিকে নিয়ে তাঁর সমালোচনামূলক লেখালিখিও সিদ্ধান্তের কারণ হতে পারে। তবে এ সবই তাঁর অনুমান। এ বিষয়ে কোনও লিখিত ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি নিয়ে সরব হয়েছে নরওয়ের সাংবাদিক সংগঠনগুলিও। অ্যাসোসিয়েশন অব নরওয়েজিয়ান এডিটরস এবং নরওয়েজিয়ান প্রেস অ্যাসোসিয়েশন ভারতের ওসলো দূতাবাসকে চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছে। তাঁদের প্রশ্ন, সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাঁকে ভারতে প্রবেশ করতে বাধা দেওয়া হল কি না।

অন্যদিকে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের সার্বভৌম অধিকার। ফলে রাজনৈতিক মহলে বিতর্ক বাড়লেও কেন্দ্রের অবস্থান স্পষ্ট, ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments