ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে রাজনৈতিক চাপ বাড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর দাবি, একান্ত মুখোমুখি বিতর্কে বসলে প্রধানমন্ত্রীর পদে আর থাকতে পারবেন না মোদি। শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ পর্বে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা।
রাহুলের বক্তব্য, সংসদে তাঁকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় না। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গেলেই তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কৃষি আইন, ভোট চুরি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, চিন এবং প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের বইয়ের প্রসঙ্গও তোলেন তিনি।
রাহুলের প্রস্তাব, দীর্ঘ বক্তৃতার পরিবর্তে একটি টেবিলের দু’দিকে মুখোমুখি বসবেন তিনি ও প্রধানমন্ত্রী। দু’জনেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলবেন এবং তার জবাব দেবেন। বিতর্কের বিচারক হিসেবে শিল্পপতি গৌতম আদানি অথবা আরএসএস প্রধান মোহন ভাগবতকে নিয়োগ করলেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন রাহুল।
এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থাকার অভিযোগও তুলেছেন তিনি। রাহুলের দাবি, তাঁর ফোনেই এই অভিযোগের প্রমাণ রয়েছে। ফোনে আড়ি পাতার অভিযোগও করেছেন তিনি।
অন্যদিকে, রাহুলের এই চ্যালেঞ্জকে কটাক্ষ করেছে বিজেপি। সংসদই বিতর্কের উপযুক্ত মঞ্চ বলে পাল্টা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিরোধী দলনেতাকে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শও দিয়েছেন তিনি।




