Homeবিনোদনতারকাদের নিরাপত্তায় উদ্বেগ AICWA

তারকাদের নিরাপত্তায় উদ্বেগ AICWA

বলিউডে ফের মাথাচাড়া দিচ্ছে কি আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক?

ওয়েব ডেস্কঃ বলিউডের ঝলমলে পর্দার আড়ালে ক্রমশ ঘনীভূত হচ্ছে আতঙ্কের ছায়া। একের পর এক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। অভিনেতা সইফ আলি খান, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন-সহ একাধিক তারকা ও তাঁদের পরিবারের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। এই মর্মে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি দিয়েছেন সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও।

আরও পড়ুন

রাফালের সংখ্যা কমল ৩২-এ !

সংগঠনের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কয়েক জন তারকাকে প্রকাশ্যে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। এমনকি তাদের হাতে ২০০ জন শুটার রয়েছে বলেও দাবি করা হয়েছে। সইফ আলি খানকে সম্প্রতি একটি ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। সেখানে গ্যাংস্টার বাবা সিদ্দিকির মতো পরিণতির মুখে পড়তে হবে বলে তাঁকে সতর্ক করা হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই ওই হুমকির সত্যতা খতিয়ে দেখছে।

অক্টোবরে জুহুতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ওই ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক পথচারী আহত হন।

AICWA-র পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে তারকা ও তাঁদের পরিবারের নিরাপত্তা, শুটিংয়ের জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, প্রকাশ্য অনুষ্ঠানগুলিতে নজরদারি এবং অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সংগঠনের আশঙ্কা, এই পরিস্থিতিতে শুটিং বন্ধ হলে বিপাকে পড়বেন লক্ষ লক্ষ কলাকুশলী, টেকনিশিয়ান ও দৈনিক মজুরির কর্মীরা। নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ড আতঙ্ক যেন নতুন করে ফিরে না আসে, সেই সতর্কবার্তাই দিয়েছে সংগঠনটি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments