ওয়েব ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার হাতে থাকা রাফাল যুদ্ধবিমানের সক্রিয় সংখ্যা কমেছে বলে দাবি প্রকাশিত হয়েছে ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইটগ্লোবাল’-এর সাম্প্রতিক প্রতিবেদনে। তাদের প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার সক্রিয় রাফালের সংখ্যা ৩৬ থেকে কমে দাঁড়িয়েছে ৩২-এ। এই পরিসংখ্যান সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে অপারেশন সিঁদুরের সময় ভারতের যুদ্ধবিমানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে।
ফ্রান্সের কাছ থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। এর মধ্যে ২৮টি এক আসনবিশিষ্ট এবং আটটি দুই আসনবিশিষ্ট। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত আগের ডিরেক্টরিতে ভারতের হাতে ৩৫টি সক্রিয় রাফালের উল্লেখ ছিল। কিন্তু সাম্প্রতিক সংস্করণে সেই সংখ্যা কমিয়ে ৩২ করা হয়েছে।
আরও পড়ুন
তবে এই দাবি মানতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রকের একাংশ। মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য, এই পরিসংখ্যান ভারতীয় বায়ুসেনা কিংবা প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে নেওয়া হয়নি। বরং প্রকাশিত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তাঁদের আরও দাবি, ২০২৬ সালের জুন মাসে বায়ুসেনা ৩৬টি রাফালের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা চেয়ে বরাত দিয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারত- পাকিস্তান সংঘাতের পর থেকেই রাফালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক চলছে। তবে সক্রিয় বিমানের সংখ্যা কমার অর্থ যুদ্ধবিমানের ধ্বংস হয়ে যাওয়া নয়। দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ, মেরামতি কিংবা আধুনিকীকরণের কারণেও কোনও বিমান তালিকার বাইরে থাকতে পারে।এদিকে, ভারতীয় বায়ুসেনার জন্য আরও ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন কেনার চুক্তিও হয়েছে।




