শনিবার চোরবাগানের বিপর্যয়ের পর আতঙ্কিত গোটা শহর। কলকাতার বড় পুজোগুলো নিয়েও সতর্ক এবার রাজ্য প্রশাসন। শহরের জনপ্রিয় পুজোমণ্ডপগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শনিবার রাতে বিশেষ দল তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিদর্শনকারী দলের নেতৃত্বে থাকছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিংহ, দমকলের ডিজি অনুজ শর্মা এবং স্পেশাল টাস্কফোর্সের এডিজি জাভেদ শামীম।
শনিবারের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে শুধু পুরোহিত দিয়ে পুজো করতে হবে। দর্শনার্থীদের জন্য বাইরে এলইডি স্ক্রিন লাগিয়ে দিতে হবে’। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ‘পুজো কমিটিগুলিকে বলব এরা যা সুপারিশ করবে সেই মতো আপনাদের কাজ করতে হবে। দরকার হলে শুধু পুরোহিত দিয়েই পুজো করে করতে হবে। যদি দেখা যায় কাঠামো ভাঙলে মণ্ডপ ক্ষতিগ্রস্ত হবে, ভেঙে পড়তে পারে তবে শুধু পুজো করেই থেমে যেতে হবে’।
মহাসপ্তমীতেই দুর্ঘটনা। এখনও বাকি আরও তিনটে দিন। সেই তিনটি দিন যাতে নতুন করে কোনও রকম দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সব পুজো এভাবে বন্ধ করে দেওয়া যায় না। কলকাতার বেশ কিছু পুজোতে অপ্রত্যাশিত ভিড় হচ্ছে। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকতে পারে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই ত্রুটিগুলো দূর করতে হবে পুলিশকে’।




