ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত টানা ছুটি এখন থেকে আর পাবেন না রাজ্যের সরকারি হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা। শুক্রবার এমনই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ১৯৪৭ সাল তথা দেশ শাসনের পর থেকেই ছুটির ক্ষেত্রে এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই রেওয়াজের বদল ঘটানোর নির্দেশ রাজ্যের মন্ত্রীর।
শুক্রবার মন্ত্রী জানিয়েছেন, পঞ্চমীর পর ষষ্ঠী থেকে ছুটি পড়ে যায় সরকারি হাসপাতালে। বহু কর্মীরা ওই সময়ে আসেন না। আগামী বছর থেকে এই নিয়ম আর চলবে না। ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত টানা ১০ দিন ছুটি নেওয়া যাবে না। সপ্তমী, অষ্টমী, নবমী রোস্টার অনুযায়ী ছুটি হবে। চলতি বছরেও যারা ছুটিতে ছিলেন, শুক্রবার থেকেই তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রীর কথায়, হাসপাতাল একটি জরুরি পরিষেবা। এখানে ২৪ ঘন্টা মানুষের যাতায়াত লেগে থাকে। মানুষকে পরিষেবা দিতে হয় প্রতি মুহূর্তে। সেই জন্য এখানে পুজোর কারণে টানা ছুটি দেওয়ার রেশ বন্ধ করতে হবে।
হাসপাতাল কর্মীদের পাশাপাশি নার্স ও চিকিৎসকদের ক্ষেত্রেও তিনি বলেছেন তাঁদের হাজির থাকতে হবে। কর্মীদের রোস্টার তৈরি হলেও নার্স ও চিকিৎসকদের ক্ষেত্রে প্রয়োজন বুঝে হাজির থাকতে হবে হাসপাতালে। পুজোর উপলক্ষে আগে থেকে ছুটি নেওয়া যাবে না।
কিন্তু হঠাৎ কেন এই তৎপরতা? চোরবাগান ঘটনার পর বড় বড় পুজো মণ্ডপগুলোতে সতর্কতার কারণে চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছিল। সেই সময় চিকিৎসক এবং প্রয়োজনীয় কর্মীদের অনুপস্থিতি টের পাওয়া গিয়েছে। সেই সময়ে বিষয়টি নজরে আসে। অনেকে আবার না জানিয়েও ছুটি নিয়েছেন বলে অভিযোগ। এরপরেই বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। এই জাতীয় ঘটনায় বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। পুজোর সময় যাতে এই জাতীয় ঘটনা সামাল দেওয়া যায় তার জন্য নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




