ওয়েব ডেস্কঃ দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে কি ফের নোটবন্দির পথে হাঁটা উচিত কেন্দ্রের? এবার ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার নোট বাতিলের দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তাঁর প্রস্তাব, বাজারে শুধু ১০০ ও ২০০ টাকার নোট চালু রাখা হোক। বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করা গেলে দুর্নীতির চক্র ভাঙার পাশাপাশি কালো টাকার ব্যবহারও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
অমরাবতীতে সাংবাদিক বৈঠকে এই প্রস্তাব দেন নাইডু। ডিজিটাল মুদ্রা এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনের পক্ষে সওয়াল করে তিনি জানান, অতীতেও এই বিষয়ে একটি রিপোর্ট তৈরির সময় নিজের মতামত জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন। এবারও সেই দাবি জানিয়ে যাবেন বলে স্পষ্ট করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। নাইডুর বক্তব্য, প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যবস্থাগত ত্রুটির কারণেই দুর্নীতি একটি চক্রের আকার নিয়েছে। প্রযুক্তির যথাযথ প্রয়োগ হলে সেই সমস্যা মোকাবিলা করা সম্ভব। সম্পদ সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণের পথও সহজ হবে।
শুধু আর্থিক লেনদেন নয়, নির্বাচনী রাজনীতি থেকেও অর্থের প্রভাব কমানোর পক্ষে মত দিয়েছেন তিনি। তাঁর দাবি, ভোটে বিপুল অর্থ খরচ করে জয়ী হলে জনপ্রতিনিধিদের মধ্যে সেই টাকা ফেরত পাওয়ার প্রবণতা তৈরি হয়। নির্বাচনী ব্যয় কমলে জনসেবার মানসিকতা বাড়বে। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করেছিল। ২০২৩ সালে ২০০০ টাকার নোটও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক।




