কলকাতা: চোরবাগানে পদপিষ্ঠের ঘটনার পরেই এবার নবমীর ভোরে বাঘাযতীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক দোকান। প্রথমে বাজারের একটি দোকানে আগুন লাগে এবং দ্রুত তা আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের ১৫টি ইঞ্জিনকে ঘটনাস্থলে আসতে হয়। দীর্ঘ ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনা কলকাতায় নতুন নয়।’ তবে এক্ষেত্রে তিনি পুজো মণ্ডপের ব্যবস্থাপনার দিকে আঙুল তোলেন। পাশাপাশি, এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন দিলীপ ঘোষ।
পাশাপাশি চোরবাগানের ঘটনায় এক বাংলাদেশির ধরা পড়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘দিকে দিকে এসব লোকজন উপদ্রব করছে, শান্তি নষ্টের চেষ্টা চলছে। এরা কেউ বাংলাদেশ, কেউ নেপালের এজেন্ট। ভারতকে নিয়ে অশান্তির ছক কষছে। এছাড়া পশ্চিমবাংলায় এতদিন এদের মাধ্যমে টাকাপয়সা ঢুকেছে। এখনও ঢুকছে। তবে সরকারের সবদিকে নজর আছে। কাউকে ছাড়া হবে না। অন্যায় করলে শাস্তি পাবে।’
এদিকে যাদবপুর সহ একাধিক স্থানে বামেদের বুক স্টল ভাঙা নিয়ে প্রশ্ন করা হলে পাল্টা সিপিএমকেই নিশানা করেন রাজ্যের মন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি সিপিএমের গায়ে হাত দেবে না। ওরা এসব ড্রামা করে নিজেরা খবরে আসতে চাইছে।’




