আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ফের বড় হামলা চালানোর জন্য নতুন করে ছক করছে পেন্টাগন। সেই কারণে ৩টি রণতরী প্রস্তুত করা হচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধ শুরু করার বিষয়ে এখনও দ্বিধায় রয়েছেন। সেই কারণে তৈরি হওয়া ছকগুলোতে ভেটো দিয়ে আসছেন।
মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরী রয়েছে এবং আরও তিনটি রণতরী যুক্ত হতে চলেছে। পেন্টাগন ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, জ্বালানি কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার ছক কষছে। শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি বৈঠকও হয়। ট্রাম্প সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন, ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানে কোনও আক্রমণ চালানো হবে না। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা এগোলেও পরমাণু কর্মসূচি দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
গত সেপ্টেম্বর থেকে ইরান লোহিত সাগর ও পারস্য উপসাগরে অন্তত ১৩টি জাহাজে হামলা করেছে। কিন্তু আমেরিকা কোনও জবাবি হামলা চালায়নি। মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, থিওডোর রুজভেল্ট, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ ওয়াশিংটন নামের তিনটি বিমানবাহী রণতরী যুক্ত হবে অক্টোবরে। এর সঙ্গে থাকবে ২০ হাজারের বেশি সেনাসদস্য। সূত্রের খবর, ২৭ অক্টোবরে ইজরায়েলি নির্বাচন এবং পরবর্তী সপ্তাহে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না।




