কণাদ দাশগুপ্ত : গ্রাম মানেই নির্মল বাতাস, সবুজ প্রকৃতি আর দূষণমুক্ত পরিবেশ—এত দিনের এই প্রচলিত ধারণাতেই বড়সড় ধাক্কা দিল নতুন এক গবেষণা। শহরের তুলনায় গ্রামের বাতাসে দূষণের মাত্রা প্রায় ২০ শতাংশ বেশি! দিল্লি ও তার আশপাশের গ্রামীণ অঞ্চল নিয়ে আইআইটি দিল্লি এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (PNAS)-এ। দিল্লি এবং সংলগ্ন গ্রাম ও ছোট শহর মিলিয়ে মোট ৪৯টি পর্যবেক্ষণ কেন্দ্রে বায়ুদূষণের মাত্রা পরীক্ষা করেন গবেষকরা। ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের তথ্য বিশ্লেষণ করা হয়। প্রায় ১৬০ কিলোমিটার বিস্তৃত এলাকায় চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিটি মাসেই গ্রামীণ এলাকায় পিএম ২.৫-এর মাত্রা শহরের তুলনায় বেশি।
বেতন অগ্রিম থেকে দীর্ঘমেয়াদি ঋণ, সরকারি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে নবান্ন
বিশেষ করে সকাল ও সন্ধ্যায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। ভোর ৫টা থেকে সকাল ৮টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে গ্রামের বাতাসে দূষণের মাত্রা দ্রুত বেড়ে যায়। অক্টোবর ও নভেম্বরের তথ্য অনুযায়ী, সকালে গ্রামীণ এলাকায় পিএম ২.৫-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৩০১ মাইক্রোগ্রাম। শহরে সেই পরিমাণ ২৫২ মাইক্রোগ্রাম।
গবেষকদের মতে, রান্না ও উত্তাপের জন্য কাঠ, খড়-সহ বিভিন্ন জৈব জ্বালানি পোড়ানো, ছোট শিল্প এবং ইটভাটার ধোঁয়া এই দূষণের অন্যতম কারণ। বর্জ্য পোড়ানোও পরিস্থিতি আরও জটিল করছে।
এই গবেষণা স্পষ্ট করে দিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণের লড়াই শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। গ্রামের বাতাসও যে নিঃশব্দে বিষাক্ত হয়ে উঠছে, তা উপেক্ষা করার আর সুযোগ নেই।




