HomeLive Updatesকলকাতা পুরসভার দেওয়ালে সাভারকর, শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক

কলকাতা পুরসভার দেওয়ালে সাভারকর, শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক

ওয়েব ডেস্ক:  পালাবদলের বাংলায় এবার কলকাতা পুরসভার অন্দরেও ইতিহাসের নতুন সংযোজন। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম জায়গা পেলেন বিনায়ক দামোদর সাভারকর। মঙ্গলবার পুরসভার দোতলায় কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে টাঙানো হল তাঁর প্রতিকৃতি। আর তা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সাভারকরের পাশাপাশি কাউন্সিলরস ক্লাবে স্থান পেয়েছে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ডঃ বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মহারানা প্রতাপ এবং রানি লক্ষ্মীবাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবির পাশেও স্থান পেয়েছে সাভারকরের প্রতিকৃতি। এত দিন ওই ক্লাবে মূলত প্রয়াত প্রাক্তন কাউন্সিলরদের ছবি রাখা থাকত। নতুন উদ্যোগে সেই পরিসরে যুক্ত হলেন জাতীয় ইতিহাসের একাধিক পরিচিত ব্যক্তিত্ব।

তবে এই তালিকায় সাভারকরের অন্তর্ভুক্তি নিয়েই আপত্তি তুলেছে মমতা-তৃণমূল শিবির। তাঁদের বক্তব্য, কলকাতা পুরসভার সঙ্গে সাভারকরের প্রত্যক্ষ কোনও সম্পর্ক নেই। ফলে পুরসভার অন্দরে তাঁর ছবি রাখার যৌক্তিকতা কী, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী কাউন্সিলররা। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে চিঠি দেওয়ারও পরিকল্পনা করেছেন তাঁরা। কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের অভিযোগ, সাভারকরের রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে।

অন্যদিকে, বিজেপির বক্তব্য, দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের যথাযথ সম্মান জানাতেই এই উদ্যোগ। এত দিন পূর্ববর্তী সরকারগুলি এই কাজ করেনি। সব মিলিয়ে পুরসভার দেওয়ালে কয়েকটি নতুন প্রতিকৃতি বসানোকে কেন্দ্র করেই আসন্ন পুর নির্বাচনের আগে নতুন রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র তৈরি হল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments