ওয়েব ডেস্ক: একের পর এক অভিযোগে ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর। যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এ বার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকারের দুর্নীতি দমন কমিশন। অভিযোগের কেন্দ্রে বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকাকালীন তাঁর ভূমিকা। পুরস্কার প্রদান থেকে বই প্রকাশ—একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে ব্রাত্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। অভিযোগকারীদের দাবি, বাংলা অকাদেমির বিভিন্ন পুরস্কার প্রদান এবং বই ছাপানোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই সংক্রান্ত একাধিক নথিও কমিশনের কাছে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখেই তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসু।
উল্লেখযোগ্য, এর আগেও ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। দুই মহিলার অভিযোগ, তাঁদের ফোনে কুপ্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাতে রাজি না হওয়ায় বদলি-সহ নানা ভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁদের। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জিরো এফআইআরও দায়ের হয়েছে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য। তাঁর দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অভিযোগের পিছনে ব্যক্তিগত প্রতিহিংসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। আইনি পদক্ষেপের কথাও জানিয়েছিলেন। এ বার দুর্নীতি দমন কমিশনের তদন্তের নির্দেশে নতুন করে অস্বস্তি বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অভিযোগের সত্যতা কতটা, নথি খতিয়ে দেখার পর তদন্তেই তা স্পষ্ট হওয়ার কথা।




