ওয়েব ডেস্ক: প্রেমের এক অনন্য নজির। মতের অমিল হওয়ায় বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই ফের একে অপরের প্রেমে পড়েন। তারপরেই ফের সাত পাকে বাঁধা পড়লেন এক জাপানি দম্পতি। হাজার হাজার কিলোমিটার দূরে এসে ভারতে ফের বিয়ে করলেন তাঁরা। উত্তরপ্রদেশের লখনউতে তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।
জানা গিয়েছে, ২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয় এক দম্পতির। কিন্তু ফের নিজেদের প্রেমে পড়েন তাঁরা। ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা তাঁদের বহুদিন ধরে ছিল। তাঁদের ভারতীয় বন্ধুর উদ্যোগে লখনউয়ের এক রাধাকৃষ্ণ মন্দিরে সন্তান, বন্ধু, পরিবারকে সাক্ষি রেখে ফের বিয়ে করেন তাঁরা।
বিয়ের পরে তাঁরা ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা করেছেন। তাঁরা বলেন, ভারতের সংস্কৃতিতে বিয়ে করা দীর্ঘদিনের ইচ্ছা ছিল। বিয়েতে ভারতীয় বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে। ভারতীয় ঐতিহ্যের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া তাঁর জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এবং এটি ভারতের সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করেছে।




