ওয়েব ডেস্ক: এশিয়ার শক্তির মানচিত্রে আরও মজবুত হল ভারতের অবস্থান। শুধু অর্থনৈতিক বা সামরিক ক্ষমতা নয়, কূটনৈতিক প্রভাব এবং আঞ্চলিক নেতৃত্বের নিরিখেও উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের। অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স’ রিপোর্টে এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে জায়গা ধরে রাখল ভারত। একই রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এশিয়ার দ্বিতীয় সর্বাধিক কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন তালিকার শীর্ষে।
রিপোর্ট অনুযায়ী, ১০০-র মধ্যে ভারতের সামগ্রিক ক্ষমতার সূচক বেড়ে হয়েছে ৪০.৫। গত বছরের তুলনায় বৃদ্ধি ০.৫ পয়েন্ট। তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা (৭৮.৯), দ্বিতীয় স্থানে চিন (৭৩.৬)। তবে উল্লেখযোগ্য বিষয়, ২০১৮ সালে এই সূচক চালু হওয়ার পর থেকে চিনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এবারই সবচেয়ে কম হয়েছে। যদিও সামগ্রিক ক্ষমতার নিরিখে চিন এখনও ভারতের তুলনায় প্রায় ৮০ শতাংশ এগিয়ে।
আরও পড়ুন:
স্মৃতিকথার বয়ানে ইতিহাসের সংঘাত, সোনিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ
ভারতের এই অগ্রগতির পিছনে প্রতিরক্ষা সহযোগিতা, কূটনৈতিক যোগাযোগ, সাংস্কৃতিক প্রভাব এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে রিপোর্ট। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রিও ভারতের প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
তবে সব ক্ষেত্রেই অগ্রগতি হয়নি। অর্থনৈতিক সক্ষমতার সূচকে ০.৭ পয়েন্ট পতন হয়েছে। অন্যদিকে সাংস্কৃতিক প্রভাব বেড়েছে ২.৩ পয়েন্ট এবং প্রতিরক্ষা নেটওয়ার্কে উন্নতি হয়েছে ২.১ পয়েন্ট।
লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে মোদির আঞ্চলিক নেতৃত্বের কার্যকারিতা আগের তুলনায় তিন ধাপ উন্নত হয়েছে। ফলে এশিয়ার ক্ষমতার সমীকরণে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পেল বলেই মনে করছে কূটনৈতিক মহল।




