ওয়েব ডেস্ক : প্রথমবার ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আগামী ২২ নভেম্বর, রবিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছবেন তিনি। ২৩ নভেম্বর, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন নেপালের প্রধানমন্ত্রী। এই বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের পাশাপাশি সীমান্ত সমস্যা, বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বলেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গত ২৭ মার্চ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এই সফর। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল নিয়ে দিল্লি আসবেন বলেন্দ্র শাহ। তাঁর সঙ্গে থাকবেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল-সহ একাধিক শীর্ষ আধিকারিক। পাশাপাশি প্রায় ৫২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও আলাদাভাবে দিল্লি সফর করবে।
ট্রাম্পের চুলের ঢেউয়ে উড়ল ৫২ লক্ষ! সাজগোজের বিল দেখে মাথায় হাত রিপাবলিকান নেতাদের
সফরসূচি অনুযায়ী, রবিবার দিল্লিতে পৌঁছে সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরেই কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে সীমান্ত বিরোধ রয়েছে। চলতি বছরের মে মাসে এই বিতর্ক মেটাতে চিন ও ব্রিটেনের ভূমিকা চেয়েছিলেন বলেন্দ্র শাহ। সেই প্রস্তাবে আপত্তি জানিয়ে দিল্লি স্পষ্ট করেছিল, ভারত-নেপালের সীমান্ত সমস্যা দুই দেশের প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। ফলে মোদি-শাহ বৈঠকে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।
দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, জলসম্পদ, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার কথা। নেপালের পরিকাঠামো উন্নয়ন এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর পুনর্গঠনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। একাধিক যৌথ প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনাও রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ ও বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রেও সমঝোতাপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।




