ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। উত্তরাখণ্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের প্রয়াণের খবরে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ।
সাবিত্রী দেবীর প্রয়াণের খবর সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়ালের পঞ্চুর গ্রামে যোগী আদিত্যনাথের পৈতৃক বাড়ি। সেখানেই তাঁর শিকড়। সাবিত্রী দেবী পরিবারের সঙ্গেই উত্তরাখণ্ডে থাকতেন।
আরও পড়ুন:
‘আখবান’-এর ল্যান্ডফল, উত্তাল পুরীর সমুদ্র, চলছে নজরদারি-মাইকিং
উল্লেখ্য, ১৯৯৪ সালে সন্ন্যাস গ্রহণ করে গোরক্ষনাথ মঠের সঙ্গে যুক্ত হন যোগী। তার পর থেকে পারিবারিক জীবনের সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত হয়ে আসে। দীর্ঘ সময় পর ২০২২ সালে নিজের গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার সেই ছবি প্রকাশ্যে এসেছিল। ২০২৪ সালের জুন মাসে বয়সজনিত শারীরিক সমস্যায় ঋষিকেশের এইমসেও ভর্তি হয়েছিলেন সাবিত্রী দেবী। মায়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন যোগী। এবার চিরতরে মাকে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
মৃত্যুর কারণ ও শেষকৃত্যের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।




