HomeScrollভিক্ষার ঝুলি ছেড়ে নাগরিক পরিষেবায়, নতুন ভূমিকায় বৃহন্নলারা

ভিক্ষার ঝুলি ছেড়ে নাগরিক পরিষেবায়, নতুন ভূমিকায় বৃহন্নলারা

ওয়েব ডেস্ক: সমাজের প্রান্তিক পরিচয় থেকে এবার নাগরিক পরিষেবার মূল স্রোতে। পরিচিত পেশাগত গণ্ডি ভেঙে বৃহন্নলাদের স্বনির্ভরতার নতুন দিশা দেখাতে উদ্যোগী রাজ্য সরকার। ভিক্ষাবৃত্তির পরিবর্তে পুর কর আদায় থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ—এমনই একাধিক নাগরিক পরিষেবার কাজে তাঁদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে তৈরি হবে বিশেষ ‘বৃহন্নলা ব্রিগেড’। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের এই উদ্যোগের প্রথম পর্যায়ে থাকছে কলকাতা, হাওড়া ও বিধাননগর। পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য শহরেও এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পুর কর আদায় এবং ট্রাফিক সিগন্যালে যানবাহন নিয়ন্ত্রণের মতো কাজে বৃহন্নলাদের যুক্ত করা হবে।

বৃহস্পতিবার রাতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) কার্যালয়ে বিভিন্ন বৃহন্নলা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী। সেখানে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কী ভাবে এই কাজে যুক্ত করা যায়, তার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা প্রায় ৩০ হাজার ৩৪৯। তাঁদের বড় অংশের বাস কলকাতা, হাওড়া ও বিধাননগরে।

স্টেট ট্রান্সজেন্ডার বোর্ডের স্ক্রিনিং কমিটির সদস্য রঞ্জিতা সিনহার কথায়, মন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। দ্রুত প্রকল্প কার্যকর করার আশ্বাসও মিলেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু কর্মসংস্থানের নতুন সুযোগই তৈরি হবে না, সামাজিক সম্মান ও স্বীকৃতির ক্ষেত্রেও খুলতে পারে নতুন দরজা। তবে প্রশিক্ষণ, উপযুক্ত পারিশ্রমিক এবং কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করাই হবে প্রকল্পের সাফল্যের আসল পরীক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments