ওয়েব ডেস্ক: কাশ্মীরের মাটিতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্যের দাবি কেন্দ্রের। তিন দশকেরও বেশি সময় ধরে উপত্যকায় সন্ত্রাসের যে বিষবৃক্ষ শিকড় ছড়িয়েছিল, তার স্থানীয় জঙ্গি নেটওয়ার্ক কার্যত নিশ্চিহ্ন করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে ষষ্ঠ বার্ষিক অ্যান্টি টেরর কনফারেন্সে তাঁর ঘোষণা, দীর্ঘ ৩৫ বছর পর কাশ্মীর এখন ভারতে জন্মানো স্থানীয় জঙ্গিদের থেকে সম্পূর্ণ মুক্ত। লস্কর-ই-তৈবার জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই এই সাফল্য এসেছে বলে জানান তিনি।
কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার পর নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে খতম হয় ১৫ লক্ষ টাকা মাথার দাম থাকা লতিফ। শাহের দাবি, তার মৃত্যুর মধ্য দিয়ে উপত্যকায় স্থানীয়ভাবে জন্ম নেওয়া জঙ্গিদের অধ্যায়ের অবসান ঘটেছে। তবে এই সাফল্যকে চূড়ান্ত বিজয় ভেবে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান আরও কঠোর ও নিরবচ্ছিন্ন রাখার বার্তাও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শুধু কাশ্মীর নয়, দেশজুড়ে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কেন্দ্রের অভিযানের খতিয়ানও তুলে ধরেছেন তিনি। পিএফআইয়ের নেটওয়ার্কে ১১ রাজ্যে যৌথ অভিযান, পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির ৪০টির বেশি মডিউল ধ্বংস এবং ২৭১ জনের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন শাহ। তাঁর বক্তব্য, হামলার পরে নয়, হামলার আগেই জঙ্গিদের গ্রেপ্তার করতে হবে।
এনআইএ-র ১৬টি নতুন শাখা অফিস, দু’টি জোনাল অফিস এবং ৭০টি বিশেষ আদালত গঠনের কথাও জানিয়েছেন তিনি। স্পষ্ট বার্তা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও আইনি ব্যবস্থা—কোনও ক্ষেত্রেই ঢিলেমির জায়গা নেই। কাশ্মীরের সাম্প্রতিক সাফল্য ধরে রাখাই এখন নিরাপত্তা ব্যবস্থার বড় পরীক্ষা।




