ওয়েব ডেস্ক : অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আকভানের প্রভাবে ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২১ কিলোমিটার গতিবেগে এগিয়েছে। গত ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি।
ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১৭০ কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে, পুরী থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৩৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছিল। শুক্রবার বেলা হওয়ার আগেই অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, ভোর থেকে নিরন্তর বৃষ্টি চলছে কলকাতায়। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কয়েকটি জায়গায় অল্প সময়ের জন্য বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বয়ে যেতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টি। যদিও দক্ষিণবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।




