ওয়েব ডেস্ক : বাংলার রাস্তা ও সেতু উন্নয়নে মোট ১,০৫৫.৩৩ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী ১৯ নভেম্বর এই ঘোষণা করেন।
৬৭৯.৫৫ কোটি টাকা কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF)-এর আওতায় রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ। ৩৭৫.৭৮ কোটি টাকা হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণে বরাদ্দ। এটি CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পের অন্তর্গত। মোট বরাদ্দ ১,০৫৫.৩৩ কোটি টাকা।
এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ উন্নত হবে। কমতে পারে যাতায়াতের সময়। পাশাপাশি পণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রেও সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।




