ওয়েব ডেস্ক: রাজনীতির মঞ্চ থেকে এবার থানার দরজা! যে পুলিশ- প্রশাসনকে ঘিরে এত দিন তৃণমূলের দাপটের নানা অভিযোগ উঠেছে, সেই পুলিশেরই তলবে হাজিরা দিতে গিয়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার গিরিশ পার্ক থানার সামনে তাঁকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল। উঠল ‘চোর-চোর’ স্লোগান। দুই শিবিরের বচসা, ধস্তাধস্তিতে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর কলকাতার রাজপথ।
পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের তলব পেয়ে এদিন থানায় হাজির হন ডায়মন্ড হারবারের সাংসদ। দুপুর পৌনে একটা নাগাদ তাঁর গাড়ি থানার সামনে পৌঁছতেই সমর্থকদের স্লোগান শুরু হয়। স্বাভাবিক ভাবেই অভিষেকের অনুগামীদের আশা ছিল, শক্তি প্রদর্শনের মাধ্যমে বিরোধীদের পাল্টা জবাব দেওয়া যাবে। কিন্তু ফ্রেমে দ্রুত ঢুকে পড়ে বিজেপি। পাল্টা বিক্ষোভকারীরা অভিষেককে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন।
তার পরেই শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। বাগ্যুদ্ধ গড়ায় ধস্তাধস্তিতে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ব্যারিকেড বসাতে হয়। মোতায়েন করা হয় বিশাল বাহিনী। থানার সামনে দুই দলের এই শক্তি প্রদর্শন যেন বাংলার বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণেরই আর এক দৃশ্যপট।
ঘটনার সূত্র ২৯ অক্টোবর। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাসহ কয়েক জন আধিকারিককে উদ্দেশ করে অভিষেকের হুঁশিয়ারির অভিযোগ ওঠে। সেই মন্তব্যের জেরেই ৩১ অক্টোবর বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান অভিযোগ দায়ের করেন। থানায় হাজিরার আগে এক্সে পুরনো ভিডিও পোস্ট করে বিজেপিকে পাল্টা বিঁধেছিলেন অভিষেক। কিন্তু সমাজমাধ্যমের পাল্টা আক্রমণ আর থানার বাইরের স্লোগান—দুই মঞ্চের লড়াই যে এক নয়, শুক্রবারের ঘটনা ফের তা বুঝিয়ে দিল।




