ওয়েব ডেস্ক: বিশ্ব কূটনীতির মঞ্চে ভারতের অবস্থান নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সমাজমাধ্যমে পোস্ট করতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানাল বিজেপি। বিজেপি মুখপাত্র তুহিন সিনহার বিস্ফোরক অভিযোগ, ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কলঙ্কিত করার জন্যই কি টাকা পান রাহুল? তাঁর কথায়, মনে হচ্ছে ভারতকে বদনাম করার বিনিময়ে অর্থ পাচ্ছেন কংগ্রেস নেতা।
ঘটনার সূত্রপাত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে। ওই বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লেখেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রীও ওই টেবিলে বসতেন। তাঁর কটাক্ষ, আপসকারী প্রধানমন্ত্রী কখনও ওই টেবিলে বসার জায়গা পান না। স্পষ্টতই তাঁর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদি।
If Congress were in power, India’s Prime Minister would be sitting at this table.
A compromised PM can never sit at this table. https://t.co/EpGZVnJPYq
— Rahul Gandhi (@RahulGandhi) November 20, 2026
রাহুলের এই মন্তব্যের পাল্টা জবাবে কংগ্রেসের অতীত বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তুহিন সিনহা শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে আপসের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, পাকিস্তানি যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়ার পরেও প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিয়েছে।
আরও পড়ুন:
বিজেপির আর এক মুখপাত্র আর পি সিংয়ের বক্তব্য, আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা এখন অনেক উঁচুতে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদির সুসম্পর্ক রয়েছে। অথচ রাহুল ধারাবাহিক ভাবে দেশের সম্পর্কে নেতিবাচক প্রচার করছেন বলে অভিযোগ তাঁর।
শিকাগো বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ভারতকে আন্তর্জাতিক রাজনীতিতে ‘সাইড প্লেয়ার’ বলেও মন্তব্য করেছিলেন রাহুল। ফলে বিদেশনীতি ঘিরে বিজেপি- কংগ্রেসের সংঘাত আরও তীব্র হল।




