সুখেন্দুশেখর রায়(সাংসদ,রাজ্যসভা)
স্মৃতিকথা ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা এবং উপলব্ধির দলিল। কিন্তু সেই স্মৃতির আড়ালে যদি ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হয়, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা অসম্পূর্ণভাবে তুলে ধরা হয়, তা হলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সোনিয়া গান্ধীর Belonging বইয়ে প্রয়াত প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে যে বর্ণনা রয়েছে, তা পড়ে আমারও সেই প্রশ্ন জেগেছে। কারণ, প্রণববাবুর রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার আমি প্রত্যক্ষ সাক্ষী। তাঁকে কাছ থেকে দেখেছি, তাঁর সঙ্গে কাজ করেছি। ফলে তাঁর সম্পর্কে কোনও অসম্পূর্ণ বা একপেশে বিবরণ দেখলে নীরব থাকা আমার পক্ষে সম্ভব নয়।
সোনিয়া লিখেছেন, ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রণববাবু কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন। ১৯৮৯ সালে তিনি কংগ্রেসে ফিরে আসেন। তাঁর প্রধানমন্ত্রিত্বের উচ্চাকাঙ্ক্ষাও নাকি কখনও শেষ হয়নি। কিন্তু এই বিবরণের সঙ্গে বাস্তব ঘটনার গুরুতর অসংগতি রয়েছে। ১৯৮৪ সালের ডিসেম্বরের লোকসভা নির্বাচনে প্রণববাবু কংগ্রেসের হয়েই প্রচার করেছিলেন। যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পরামর্শও তিনিই দিয়েছিলেন। ১৯৮৫ সালের গোড়ায় তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন।
কলকাতা পুরসভা নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এম এল ফোতেদারের মাধ্যমে তাঁকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, পার্লামেন্টারি বোর্ড এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। ১৯৮৬ সালের ২৭ এপ্রিল কোনও শো-কজ নোটিস, নির্দিষ্ট অভিযোগ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁকে ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়। আমার মতে, কংগ্রেসের সংবিধানের ৫ নম্বর বিধির সঙ্গেও এই সিদ্ধান্তের সংঘাত ছিল। এই ঘটনাগুলি বাদ দিয়ে শুধু দলত্যাগের কথা বললে ইতিহাসের পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় না।
প্রণববাবুর প্রশাসনিক দক্ষতার প্রমাণ তাঁর বিপুল দায়িত্ব সামলানোর ক্ষমতা। তিনি নব্বইটিরও বেশি মন্ত্রিগোষ্ঠীর (গ্রুপ অব মিনিস্টার্স) চেয়ারম্যান ছিলেন। নরসিংহ রাওয়ের জমানায় গ্যাট (GATT) নিয়ে ভারতের হয়ে দর-কষাকষি করেন এবং WTO-তে ভারতের সদস্যপদ নিশ্চিত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই সময় সিপিএম তাঁকে ব্যঙ্গ করে ‘আঙ্কল ডাঙ্কেল’ বলত। দেওয়ালে স্যুট-পাইপ হাতে তাঁর কার্টুন আঁকা হত। কিন্তু রাজনৈতিক কটাক্ষ তাঁকে দায়িত্ব থেকে সরাতে পারেনি।
ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তির সময় বাম দলগুলি মনমোহন সিং সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিলে প্রণববাবু বলেছিলেন, “শুভেচ্ছা রইল। তবে এর জন্য আপনাদের চরম মূল্য দিতে হতে পারে।” পরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও বিদেশসচিব কন্ডোলিজা রাইসের সঙ্গে আলোচনায় চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বাবা রামদেবের আন্দোলন এবং রামলীলা ময়দানে আন্না হজারে, অরবিন্দ কেজরিওয়ালদের লোকপাল আন্দোলনের সময়ও তিনি সঙ্কটমোচকের ভূমিকা পালন করেছিলেন।
২০১০ সালে নেতৃত্ব পরিবর্তনের প্রসঙ্গ তুলেছিলেন প্রণববাবু—সোনিয়ার স্মৃতিকথায় এই উল্লেখ রয়েছে। কিন্তু কেন, তার ব্যাখ্যা নেই। সেই সময় তিনি আমাকে বলেছিলেন, আদর্শ আবাসন, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক বরাদ্দ, 2G স্পেকট্রাম এবং ক্যাগের রিপোর্ট ঘিরে বিরোধীদের প্রচারে পরবর্তী নির্বাচনে জয় কঠিন হয়ে উঠছে। নরসিংহ রাওয়ের জমানায় চন্দ্রস্বামীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে ঘিরে লক্ষুভাই পাঠক-সংক্রান্ত ঘুষের অভিযোগের অভিঘাতে কংগ্রেসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউপিএ-দুই সরকারের কয়লা মন্ত্রক ছিল প্রধানমন্ত্রীর হাতে। মনমোহন সিংকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিলে বিরোধীদের প্রচারের ধার কমতে পারে—এমন নির্বাচনী হিসাব থেকেই নেতৃত্ব পরিবর্তনের কথা ভেবেছিলেন বলে প্রণববাবু আমাকে জানিয়েছিলেন। এর পিছনে ছিল সরকারের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ, নিছক ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়।
প্রণববাবুর মৃত্যুর ছ’বছর পর তাঁকে নিয়ে এমন বিদ্রূপাত্মক মন্তব্য ও অসম্পূর্ণ অভিযোগ তোলা শোভনীয় নয়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক সৌজন্যও জরুরি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নিষ্ঠা ও অবদানকে এ ভাবে খাটো করা যায় না। তাই Belonging নামটির সঙ্গে আমার মনে জুড়ে যায় অন্য এক ব্যাখ্যা—‘সম্পর্কের কাহিনি: ভালোবাসা ও বিদ্বেষের আখ্যান’।
(রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের এই প্রতিবেদনটি নিছক ব্যক্তিগত প্রতিক্রিয়া হিসেবে নয়, প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক প্রত্যক্ষ সাক্ষীর পাল্টা বিবরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এটাই প্রতিবেদনের মূল গুরুত্ব।)




